হৃদয়ের পুরানো আবাসেই বসবাস
যান্ত্রিকতার মায়াজালে আটকাই চৌকাঠ
অকপট দৈন্যের স্রোতে অকৃপণ অভ্যাস
গোধূলির পথে ওড়ে যূথিকার নির্যাস
আজও জ্বালি প্রতিদিন সন্ধ্যা প্রদীপ
আপেক্ষায় নয় প্রতীক্ষায় পোড়ে সলতে
কানা নদীর সালতি খানি বেয়ে
নিভৃতে বাড়ে চোরা বালির বদ্বীপ
যদি ইচ্ছা হয় সময় অপচয়ের
যদি প্রয়োজন হয় আঁখি ও ওষ্ঠ
সংগোপনে হৃদয় দেবো ভরে
উজান টানে মূলধন হলেও নষ্ট
সেদিনের সাজানো নিষিদ্ধ রাজ্যপাট
নিশ্চিন্ত ঘুমে আজ অচেতনে
সেদিনের অবচেতনে যা কিছু সঞ্চয়
চিরকালের তরে মরেছে কি সচেতনে ?
এখনো ধিক ধিক জলে প্রনয়ের শিখা
এখনো ঈশানে জমে সোনালি রোদ
সর্বনাশের সাতরঙা রামধনু রেখা
গোপন প্রত্যাশায় গড়ে তোলে প্রতিরোধ
আজীবন বহন করবো বিষ বেদনা
বিশ্বাসের ঘরে লাগুক দমকা হাওয়া
অন্তবিহীন যন্ত্রণা রক্তে দিক বিষাদ
নিরবধি তবু জীবন তরী বাওয়া ।

0 Comments