তৈমুর খানের দুটি কবিতা

11

একটি হৃদয় 


   ___________

.

কে হিন্দু  , কে মুসলমান


কাকে ডাকছ  ?


আমি দূরে দাঁড়িয়ে আছি


শুধুই মানুষ



এক অঞ্জলি ফুল হাতে


অভিমানের অশ্রু চোখে


দাঁড়িয়ে আছি



চারিপাশে বিদ্বেষের ধোঁয়া


আগুন জ্বলে


আর্তনাদ প্রকট হয় অন্ধকারে



দাঁড়িয়ে আছি


আলো নেই


বুকের ভেতর ভাঙা দেশ


একটি শুধু নদী বইছে


একটি হৃদয় একসঙ্গে থাকতে চাইছে







এটাই তো আমার দেশ 


 _____________________

রাঙাও তবে মানুষরঙে


হাত রাখছি তোমার হাতে



আমার সব মানুষধর্ম


আমার সব মানুষগান


রোদবৃষ্টিতে ভিজতে পারি


প্রেমের জন্য বাজি প্রাণ



এইখানে তো মানববাগান


এইখানে তো জলের কুয়ো


পিপাসা পেলে এখানে আসি


আমাকেও জল তুলতে দিয়ো



স্বপ্নবাড়ির খেতখামারে রঙিন মানুষ


বাউল শুনে ঘর ছাড়ে


জয়দেবে দীক্ষা নেয়


রাত্রি হলে এখানে আসি


স্বপ্ন সাধিকা আলো দেয়



পদ্মাবতী, এটাই তো আমার দেশ


আজ আমি মানুষ শুধু


ভাসিয়ে দিয়েছি সব বিদ্বেষ  ।




Post a Comment

0 Comments