লোকে যখন শুধায় মোরে
বয়স কত হল?
বড্ডো কঠিন প্রশ্নখানা
কেমনে বলি বল।
যখন আমি কার্টুন দেখি
মেয়ের সঙ্গে বসে
তখন আমার বয়স থাকে
আট কিংবা দশে।
পূজোয় ঢাকের বাদ্যি শুনে
মনটা যখন নাচে
তখন আমি পৌছে গেছি
পনের ষোলোর কাছে
ভালো মন্দ সুখ দুঃখের
গল্প জমায় য়খন
বয়স আমার তিনকুড়ি
হয়ে যায় তখন।
বয়স জেনে হবে টা কি
বয়স একটা সংখ্যা
বয়স মানে আমার কাছে
সিধেসাধা ব্যাখ্যা।
নদীর জলের বয়স আছে?
সূর্যের আলোর কত?
আজগুবি এই প্রশ্ন গুলো
তোমাদেরই যত।
আসল কথা বেশি বেঁচে
হও নিজে ধন্য
বয়স কত মনে করা
চরম হীনমন্য।

0 Comments