তৈমুর খান এর তিনটি কবিতা



তৈমুর খান এর তিনটি কবিতা

ঢেঁকি


-
   আমাদের ঢেঁকি এখনও ধান ভানে

জল কাদা বর্ষাকাল চিৎকার

পাড়াপ্রতিবেশীদের কলহবিবাদে

 
ঢেঁকিটি এখনও অবিরাম ওঠে নামে

ধানকল ধোঁয়া সভ্যজগৎ শহর

 
সব পেছনে ফেলে সনাতন ঢেঁকি

মুখ বুজে পড়ে থাকে, দাঁতে দাঁত চেপে

 
সভ্যতার অনেক চাল বের করে দেয়

যুবতীর আলতা পরা রাঙা পা দু'খানি

 
ঢেঁকিকে দোলায় এসে, শিবের গীত গেয়ে

রাত পার করে । তুষগুলি উড়িয়ে দেয়

 
কুলোর বাতাস  । আমাদের ঢেঁকিছাঁটা দিন

কিছুটা কুয়াশা মেশালে সব অস্পষ্ট হয়ে যায়

 
ছবিগুলি ভেসে ওঠে স্মৃতির গভীর জলে

আমরা সীমানা এঁকে রাখি, বাহ্যত কৌশল

সব জানে আমাদের ঢেঁকি, নারদসমাচার.....

-

-

কুহকিনী


হাত দুটি পত্রপুষ্পশোভিত

অরণ্য থেকে আসে

বুকখানা নরম পাহাড়

 
মুখে চুম্বনের ঝরনা হাসে

তোমাকে নদী বলে ডাকি

নৌকা তোমার গান

সারারাত আমি হই মাঝি

 
শব্দতরঙ্গে অভিযান

অনুভূতির জ্যোৎস্নায়

শয্যা পেতে দেয় মরমিয়া

 
বোধের দরোজা দিয়ে ঢোকে

কিছু কিছু গূঢ় পরকীয়া

চুলগুলি উড়ে আসে

 
মোহিনী কাশের দ্বীপে ঢেউ

পাখির গুঞ্জনে শিঞ্জিনী

চুপিচুপি ডাক দেয় কেউ.....

-

-

বীর


-দু একটি বীর  যুদ্ধ থেকে ফেরে
তারপরে  সব স্ট্যাচু হয়ে  যায়
রাতের  অন্ধকারে

ঘোড়া থেমে যায়

 
তরবারি শুধু   প্রদর্শনী বোঝে

ইতিহাস থেকে অন্য ইতিহাসে

সভ্যতা আলো খোঁজে

এই রাস্তায় একটু দাঁড়িয়ে দেখি

 
স্ট্যাচুর মাথায় চাঁদ নামে নাকো

নামে কল্পনার পাখি

 
-

Post a Comment

0 Comments