তৈমুর খান এর পাঁচটি কবিতা


হাঙর   //    তৈমুর খান



.

.

দারিদ্র্য দেখতে পাই এখনও ঘোরে ফেরে

ধূসর রঙের জামা গায়ে

আমারই আস্তিন থেকে লাফ দিয়ে পড়ে


.

কতবেলা মেঘে মেঘে লুকোচুরি খেলে

সাফ সাফ বলেছি ওকে , কেন আসিস?

হিহি হাসে...

ঢুকে গেছি দরজা খোলা পেয়ে !


.

আমি তো মায়ের মূর্তি বানিয়ে রাখিনি

তবু মা কবর থেকে এসে

বাটিতে বাটিতে নুনের চা ঢেলে দেয়

সমুদ্রের মাছের মতো আমরাও বড়ো হই

দারিদ্র্য খেয়ে


.

রোজ ঘর ঝাঁট দেয় বউ


.

চোখের জলের গুঁড়ো আর সমুদ্রের শুকনো ঢেউ

উড়িয়ে দেয় দেখি - -

তবুও হাঙর বসে থাকে , রূপক হাঙর এক

নতুন কেনা পোশাকে আশাকে ওকে ঢেকে রাখি  ।

.


.

.


হাঁস    //   তৈমুর খান


.


.


কালের সীমানা জুড়ে হাঁস ওড়ে

রঙিন ডানায় তাদের নীল সহবৎ

আহা উড়ুক উড়ুক সব সমীচীন রাতে

নষ্ট হয়ে যাওয়া আমার অবুঝ সত্তাকে

দেখাতে এসেছি হাঁস, কত স্রোত অনন্তের জলে

.

কত চাঁদ ডুবে গেল, নক্ষত্রের অক্ষরে লেখা

আকাশ মহিমা কত....

.

একবার বাজুক হৃদয় , পৃথিবীতে কোথাও

রঙিন ঘর আছে , ঘরে ঘরে এরকম

রঙিন খেচর

.

একটা দুটো ধরা দেয় , বাকি রহস্যমোচড়

জানা স্বরলিপিতেও বাজে না হৃদয়

চোখে চোখে ব্যাথাজল, কাতর বর্ষায়

ভেসে যায় নৌকারা

.

হাঁসের ঝরা পালকে চলো মুকুট সাজাই

কেউ না বলুক সম্রাট, মনুষ্যত্ব কেঁপে কেঁপে ওঠে

আমার সাম্রাজ্যে আমি জেগেই ঘুমাই



.

.



স্মৃতির সাইকেল   //      তৈমুর খান



.

স্মৃতির সাইকেল গড়ে যাচ্ছে

                              গড়ে গড়ে যাচ্ছে

.

কাঁচা রাস্তার ধূসর কলতলায়

                                এসে থামছে

.

নতুন শাড়ির গন্ধ , জলভরা কলসির

                                           আওয়াজ

.

বেণী দুলছে  , বেণী দুলছে

               সরস্বতী, এভাবে এলে আজ?

.

উদাস সাইকেল চেয়ে আছে —

পিপাসা পেয়েছে তোমার  ?

না  !   না   !

পিপাসারা লুকিয়ে আছে

ভেতরে ভেতরে তাদের কান্না  !

শুনতে পায় না কেউ আর  ?

.

কলসি চলে যাচ্ছে , কলাপাতা রঙ্

                        কোমরে দুলতে দুলতে...

.

.

    কিছু বলতে  ?

.

না !   না  !  সেরকম কিছু নয় —

অথচ দুর্দান্ত ঝড় বইছে বিস্ময়

চলতে চলতে সাইকেল পড়ে যাচ্ছে

                                               রাস্তায়

.

.

দূরে কোকিল ডাকছে


ঝরে পড়ছে বসন্তের গান


সাইকেল কথা বলছে একা একা


সাইকেলের অশ্রুজলে ভেজা  গূঢ় অভিমান


.

.


.




গাড়ি চলে যায়   //    তৈমুর খান


.

.


সরস্বতী রোজ ট্রেনে যায়

আমি অঞ্জলি নিয়ে অপেক্ষা করি

.

.

সংসারে কত পূজা আর কত রাজহাঁস

তবু বীণা বাজে কই?

.

.

নিজেকে দোলাচালে রাখি

গাড়ি চলে যায় গন্তব্যের দিকে

সূর্য ডুবে গেলে কালনিশি

গা চেটে দেয়

.



.




ওগো দেশের মেয়েরা   //       তৈমুর খান


.

.


বাজাও বাজাও....

সকলের হাতেই আছে বীণা

বাজালেই জানা যাবে

তোমরাও সরস্বতী কিনা !

.



.





Post a Comment

0 Comments