দম্ দমাদম্ ঢক্কানিনাদ
দূরে কীসের বাজে?
রাজহস্তী ছুটছে আজি
রণসজ্জার সাজে।
.
.
ছোট্ট শিশু বটচ্ছায়ায়
খেলছে নির্জনে,
অবাক হয়ে হঠাৎ দাঁড়ায়,
তাকায় ঐ পানে।
.
.
দৌড়ে গিয়ে মাকে শুধায়,
'মাগো,কীসের কোলাহল?'
শঙ্কা চোখে আঁচলে জড়ায়,
আজ মায়ের চোখে জল।
.
.
রাজার সেনায় শিশুর পিতা,
আজ হস্তে তরবারি।
পেটের দায়ে শিশুর পিতা
সৈন্যসংখ্যা করেছে যে ভারী।
.
.
মা বোঝেনা,বোঝেনা শিশু,
রাজায় রাজায় যুদ্ধ কেন হয়?
রক্ত গঙ্গা বইবে আজি
এটা জানে যে নিশ্চয়।
.
.
মধ্যগগনে সূর্য তখন
আগুন ঝরায় ভূমে,
'আসবে পিতা ফিরে ওরে'
মা কয় শিশুর মাথা চুমে।
.
.
তরবারির ঝঙ্কারে রণক্ষেত্রে
পিতা লড়ছে পরাক্রমে,
হঠাৎ কারোর নির্দেশেতে
রণহুঙ্কার থামে।
.
.
ভিক্ষুসাধুর উদয় হল,
সে এক শান্তি বার্তা দিয়ে,
থামল যুদ্ধ,শান্ত ধরণী,
শ্বেতপায়রা উড়ল শান্তি নিয়ে।
.
.
ফিরল পিতা আপন গৃহে,
উঠল শিশু কোলে।
মার হাতে যে সন্ধ্যাপ্রদীপ,
তখন স্নিগ্ধ কুটীর তলে।
.
.
.
.
0 Comments