তৈমুর খান এর দুটি কবিতা

smritisahitya.com



            ১ 

আমিও কি ছায়ার গান  ?

কালো জলে নিজেরই ছায়া পড়ে আছে


ঢেউগুলি কম্পনের মাত্রা গোনে


বিকেলের বার্ধক্য এখন স্নানে নামে


দুয়ার খুলে দিয়ে হাওয়া অলীক পর্দা ওড়ায়


.

.

কে গান শোনাবে আর  ?


হ্রেষারব চিন্ময় স্ট্যাচু হয়ে জাগে


দূরতর পাখির নকশায় মনে পড়ে কল্পনার কারুকাজ


রাস্তায় ধুলোর হাসি বয়ে নিয়ে যায় যুগান্তরের কালিদাস


বর্ষার ইংগিত বোঝে , ঘুরপাক খেতে থাকে প্রত্যয়ের হাঁস


.

.

ছায়াকে বিষণ্ণ লাগে খুব


আমিও কি ছায়ার গান  ?


ক্লান্তির দোচালা খুলে উদাসীন হাটে


আমারই বেচাকেনা শেষ হয়


আমারই পুরোনো দিন নতুন রোদের শাড়ি পরে


ভালোবেসে এখানেই বাসর সাজাই


বাসরে গানের মরীচিকা, লতানো পাথুরে ফুল


রঙিন অথচ সূক্ষ্ম পরকীয়া...


.

.

 
       ২

কেউকে বলি না এসব

.

.

সংকটের তীরে ময়ূরেরা নেমেছে আজ


আমরা নৌকা ভাসাইনি


আলোর যুগ ভেবে ভেবে অন্ধকারের পরির কাছে অলীক সমর্পণ


.

.

একটাও নতুন বাঁশি কিনিনি


বাজাবার ইচ্ছে নেই


তোড়জোড়ের পাঁয়চারি নেই


হুকুমনামার বিলোল উত্থান শুধু


চাবুক হাতে শাসনের ভয় দেখায়


.

.

কার দেশ ? কী শাসন  ?


মানবিক পর্যায়ের স্কুলগুলি ঘণ্টা দোলায়


কে দোলে তবে  ?


বেইজ্জতির দাসত্বে মুগ্ধ নরনারী পাখনা মেলে উড়ে যেতে থাকে


কোথায় যায় কেউ জানে না —


অনবদ্য ইতিকথার ভেতর সূর্য ডোবে


.

.

ধান ভানতে ভানতে চোখ ছলকায়


বসন্তের বারুদ জ্বলে ওঠে


নাচের মুদ্রাগুলি অপেক্ষার উঠোনে


ছায়াগানের মনস্তত্ত্ব কুড়িয়ে নেয়


.

.

আমাদের ঘরে ফেরা হয় না


চোখের ভাষাও কাজললিপ্ত


অস্পষ্ট তাকিয়ে থাকে


দূরে কোনও বিহ্বল অরণ্যের পাহাড়ে


নেমে আসে অন্ধকারের ধুলো


.

.

কেউকে বলি না এসব


নিজে নিজে নিজেরই মস্তিষ্ক খরচ করে


শূন্য বলের মতো গড়াতে থাকি...


.

.

.

.

 

তৈমুর খান, জন্ম ২৮ জানুয়ারি ১৯৬৭, বীরভূম জেলার রামপুরহাট ব্লকের পানিসাইল গ্রামে ।মূলত নব্বই দশকের কবি ।


প্রকাশিত গ্রন্থ :  কোথায় পা রাখি, বৃষ্টিতরু, খা শূন্য আমাকে খা, আয়নার ভেতর তু যন্ত্রণা, জ্বরের তাঁবুর নীচে বসন্তের ডাকঘর, একটা সাপ আর কুয়াশার সংলাপ, প্রত্নচরিত, নির্বাচিত কবিতা ইত্যাদি ।


.

.

পুরস্কার :কবিরুল ইসলাম স্মৃতি পুরস্কার, দৌড় সাহিত্য সম্মান ।


.

.

ঠিকানা :


তৈমুর খান, রামরামপুর (শান্তিপাড়া), রামপুরহাট, বীরভূম, পিন ৭৩১২২৪, পশ্চিমবঙ্গ, ভারত।


.

.

Post a Comment

0 Comments