ভাগ্য // ডি কে পাল



ফুলের মত তরতাজা এক
অপাপবিদ্ধ বালক সে;
কপালদোষে হতেই হল
ঠেলা গাড়ির চালক যে!


কুরুচি'তে বাপ গেল তার
নতুন আর এক সংসারে;
নিঃস্ব মাতা ভাই-বোন'দের
খোরাক এখন তার ঘাড়ে।



পড়া-লেখা  খেলা-ধুলা
বন্ধ হল চিরদিন;
রুগ্ন মাতার ওষুধ জোগাড়
করতে যেয়ে অনেক ঋণ।


দিনে দিনে ঋণের টাকা
সুদ বেড়ে তা হয় দ্বিগুণ;
পাওনাদারের ক্রোধ ভয়ানক
যখন তখন হয় কি খুন?


সকাল বিকাল দেয় তাগাদা
বসত জমি চায় নিতে;
মাথা গোঁজার ঠাঁই টুকু--কে
জীবন গেলেও চায় দিতে?


পাওনাদারের দখল ধকল
ভয়াবহ বিকট ত্রাস;
দিতেই হল বসত ভিটা
আগুন করল সকল গ্রাস।


মানব নামের দানব তারা
পশুর মত স্বভাব হায়!
মানুষ হয়ে মানুষ খেতে
বড্ড ক্ষুধা তাদের পায়।

Post a Comment

0 Comments