নোনামাটি ---- সুমিত মোদক


নোনামাটি  ---- সুমিত মোদক


নোনামাটি কুরেকুরে চাষযোগ্য জমি গড়ে তুলতে 
কেটে গেছে অনেক গুলি বছর ;
এখন সে জমিতে সোনালি ধান ফলে ;
হাত পা মেলে দাঁড়িয়ে থাকে কাকতাড়ুয়া ;
ঠিক আমারই মতো ;
আমার জমিতে এখন আমি কাকতাড়ুয়া ...

ছেলেটা সেই যে কাজের জন্য শহরে গেল 
আর ফিরলনা ;
প্রথম প্রথম পূজার সময় বাড়িতে এলেও 
এখন আর এমুখো হয় না ;
শহরে পেতেছে সংসার ;
ছেলে , বউ নিয়ে দিব্যি আছে ;

জমিতে মাঝে মধ্যে নোনা ধরে ;
সে গুলি কুরেকুরে  করে তুলি আবাদ ;
অথচ , আবাদ করতে পারলাম না 
ছেলের বুকের ভিতরটা ;

বাদাবনের কাদাজলের প্রতিটি মানুষ
আমার মতো ;
প্রতিদিনই চাষযোগ্য জমি তৈরি করে ;
তৈরি করে করে ছেলে মেয়েদের ;
একটি আবাদি জমি ;

একটি সহজ সরল মন ;
তাই , আজও নোনা মাটি কুরেকুরে 
আবাদি জমি গড়ে তুলছি নতুন প্রজন্মের ভিতর ।।

Post a Comment

0 Comments