ছেলেবেলার একাল সেকাল // সবিতা কুইরী

78

কাটিয়ে আসা ছেলেবেলা
মনে পড়ে খুব
পুকুর হতাম এপার ওপার
সাঁতার দিয়ে ডুব।
সাড়ে দশটা বেজে গেলেই
গুছিয়ে বই গুলো
হো হো করে স্কুলে যেতাম
উড়িয়ে পথের ধুলো।
ছুটির পরে বাড়ি ফেরা
দারুণ হত মজা
মায়ের বাড়া ভাতটি খেয়ে
মাঠে হাজির সোজা।
লাফালাফি ছুটোছুটি
হাঁটু গেলে ফেটে
গাঁদাপাতা লাগিয়ে দিত
মা তো শিলে বেঁটে।
কাটিয়ে আসা ছেলেবেলা
মনে পড়ে খুব
এখন ছেলেবেলা মানে
মোবাইলে ডুব।
মায়ে পোয়ে ইস্কুলে যায়
পিঠে বইয়ের বোঝা
ফেরার পথে টিউশনি
পৌঁছে যায় সোজা।
ফাস্ট ফুডটা সেরে,খেলা
জমিয়ে দিয়ে খুব
নেই দরকার খোলা মাঠের
মোবাইলে ডুব।
হাঁটু গুলো বেশ নিরাপদ
বন্ধ গাঁদা বাঁটা
ছেলেবেলা দেখছি এখন
চশমা চোখে আঁটা।

Post a Comment

0 Comments