চারটি ছড়া // তৈমুর খান

12312


 লাল রং 


....................


লাল রং ভালোবাসি


লালফুল ফোটে যদি


লালপাখি আসে বনে


রোজ তাই বাগানে আসি ।


#


সাঁঝসকালে সূর্য ছড়ায় হাসি


লালে লাল চরাচর


লাল চেলি পরে আসে


আমাদের আলতা মাসি  ।


#


শিমুল ফুল বাজায় বাঁশি


বসন্ত আসে কুহুর গানে


লাল গোলাপ হাতে নিয়ে


মন আজ হয় উদাসী  ।


#


লাল মোরামের ধুলো রাশি


উড়িয়ে পথে বাউল হাঁটে


মনের মানুষ খুঁজতে খুঁজতে


হাঁটতে থাকে দূর পিয়াসি  ।


___________________________


এই সকাল মায়ের মতো


---------------------------------------



সাদা বকের ডানার মতো
আকাশটা আজ সাদা,
মনের কোণে বইছে নদী
কোথাও নেই কাদা  ।

#

গাছে গাছে ডাকছে পাখি
মন উদাসের সুর,
রঙিন শাড়ি দিচ্ছে মেলে
সোনালি রোদ্দুর  ।

#

আমার মায়ের মুখের মতো
সকাল এলো আজ ,
বাংলা জুড়ে মা'র সংসার
অসমাপ্ত কাজ  ।

#

সবুজ মাঠে দুলছে হাওয়া
যেন মায়ের আঁচল ওড়ে ,
ঢেউ উঠছে নদীর ঘাটে
যেন পানি তুলছে কলসি ভরে ।

#

দেখতে দেখতে বাড়ছে বেলা
সবাই যাচ্ছে দূরে দূরে ,
নদী মাঠে ঘরে দোরে
কেউ আমায় ডাকবে না নাম ধরে ?


 

কালবোশেখী
------------------------

কালবোশেখী ঝড়ে
উড়িয়ে দিল ঘর,
এখন ভাঙা ঘরে
কাঁপছি থরথর  ।
#
বৃষ্টি ঝরছে মাথায়
থেকে থেকে বাজ,
কড়কড়াক্কড় শব্দে
কী তাণ্ডব নাচ  !
#

বিকেল থেকে রাত
ছুটছে দানবরাজ ,
ভেঙেচুরে বিনাশ করা
এই কি তার কাজ  ?
#

পাখপাখালি কোথায়?
গাছগাছালি ফাঁকা,
ডাল ভাঙছে মটমটামট
আকাশ কালো বারুদ মাখা ।
__________________________

বর্ষা আগমন
----------------------


বর্ষা আসছে বলে
ব্যস্ততা বাড়ছে,
পিঁপড়েরা পাড়ছে ডিম
মেঘদূত ছুটছে   ।
#
চারিদিকে ছড়িয়ে পড়ছে
খবর  ,
নৌকাটি মেরামত করছে
শবর   ।
#

চাষিরা বাঁধছে আল্
পাখি বাঁধছে বাসা,
ব্যাঙেদের গর্ত ছেড়ে
জলাশয়ে আসা  ।
#

দাঁড়কাক উড়ে আসে
রুখুসুখু ডানা  ,
কা কা রবে তার
জানাচ্ছে বেদনা  ।
#

নদীতে বাড়ছে জল
মাছরাঙা কোথা ?
তার সঙ্গে মন আজ
চাইছে বলতে কথা   ।

Post a Comment

0 Comments