.
আমি মনিকা // সবিতা কুইরী
.
চিনতে কি পারবে তোমরা?
পিছিয়ে পড়া জেলায় বাস
পুরুলিয়ার মামড়ো গ্রামের
মনিকা,নয় তেমন খাস।
.
বয়স সতেরো বছর আমার
চলছিল দ্বাদশ ক্লাস
গিয়েছিলাম টিউশন
ফিরে হলাম লাশ।
.
হ্যাঁ গো আমি নয়
আর ছোট্ট মনিকা
আমি আর নয়
মামড়ো গ্রামের বালিকা
.
আমি লাশ গলা পচা
ছিন্নভিন্ন, বস্ত্রহীনা।
জানিনা আমার মতো
তাদের মেয়ে ছিল কিনা ?
.
আমাকে নৃশংস ভাবে
নরপিশাচ পশুগুলো
অত্যাচার করে মেরে
ছুঁড়ে ফেলে দিল।
.
আমি মানুষ কাকুদের বলছি
আমি মানুষ জ্যেঠুদের বলছি
আমি পৃথিবীর সব মানুষকেই বলছি
আমি আকাশে ঝুলে আছি।
.
'তারা"ও হতে পারিনি এখনও
ঝুলে আছি ভীষণ কষ্টে
যতক্ষণ না কেড়ে নিচ্ছ তোমরা
ঐ পাষন্ডদের দৃষ্টি।
.
চলবে ঝোলাঝুলি এখন
ফাঁসিতে ঝুলবে যেদিন ওরা
ঝোলা শেষ হবে আমার তখন
হব ঐ আকাশের তারা।
.
হয়তো শান্তি পাব একটু
মা কে দেখব মনে মনে
মা ও তাকিয়ে দেখবে চেয়ে
ঐ আকাশ পানে।
0 Comments