উড়ছে যে বনবন // বিশ্বনাথ পাল

 

বনবনিয়ে হচ্ছে সকাল
বনবনিয়ে হচ্ছে ভোর।

বনবনিয়ে পরছে দেয়াল

দুই পড়শির মাঝে ঘোর।


সবকিছুই ভাঙছি আমরা

সব কিছুতে অস্বীকার।

সবকিছুতেই নেতি নেতি

সব কিছু ভাঙ, ভাঙ আবার।


শিষ্টাচারের খেয়েছি মাথা

বিশ্বাসের নেই সে জোর

ভদ্রতা আজ হেদিয়ে ম'রে

স্বার্থে  মানুষ মুনাফা খোর।


মনের ময়লা ফেলতে আর

কেউ খোঁজে না ভালোবাসায়।

স্বার্থ দিয়ে ঘেরা পথে

করছে কেমন হাত সাফাই।


হাত সাফাই কি যেমন তেমন?

হাত সাফাই আজ নানান মাপের

হাত সাফাই ব্যাটার মতন

হাত সাফাই আজ  স্পেশাল বাপের।


রঙ চড়িয়ে  ঘাড় ঘুরিয়ে

ঘটছে নানান অঘটন।

স্বার্থ দিয়ে অনেকে খোঁজে

কোথায় আছে যখের ধন।


ধন পেতে মন মরিয়া ওদের

মনে নাই যে মন।

মন গুলো আজ শিমূল তুলো

উড়ছে যে বনবন।

Post a Comment

0 Comments