কাগজ // সবিতা কুইরী


.


বাবু মশাই দরজা খোল
পেপারখানা ধর,
বাড়ি বাড়ি ঘুরতে হবে
কেন দেরি কর?


.


বাদশা নাকি? ঘুম ভাঙালি?
কিসের এত তাড়া?
সকাল বেলায় নাড়িয়ে দিলি
আমার দোরের কড়া।


.


মাথা মোটা, জানিস কিছু?
আমার মর্ডান নাতি,
নাইট পার্টি করে এসে
ঘুমায় কত রাতে?


.


বস্তিতে তোর ওঠা বসা
রয়ে গেলি বোকা,
এম এল এর বেটার সাথে
আমার নাতি সখা।


.


দাদু আমার ব্যস্ত কত?
বুঝতে লাগে মগজ,
কাজ কি তোর? বেচিস শুধু
বাড়ি বাড়ি কাগজ।


.


সত্যি বাবু কাজ কিছু নাই
স্কুলে যাওয়ার আগে,
তাইতো আমি কাগজ বিলোয়
সকাল বেলায় জেগে।


.


বাবার আমার কঠিন ব্যধি
ঔষধ কেনা দায়,
মা ছাড়া বাড়িতে আছে
আরো দুটো ভাই।


.


তার মধ্যে একটি দাদা
অনেক পড়া করে,
জুটল না তার চাকুরী মোটে
এখন ভবঘুরে।


.


মা আমার সেলাই করে
কটা টাকা পায়?
কাজ কিছু নেই তাই তো আমি
কাগজ বেচতে যায়।


.


তোমার নাতির মতো কি আর
পার্টি করি রাতে?
তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি
উঠব বলে প্রাতে।

Post a Comment

0 Comments