ছোটবেলায় এক জ্যোতিষী হাত দেখে বলেছিলেন, তুই রাজরানী হবি,
আমি হেসে গড়িয়ে পড়েছিলাম
রাজা কই যে রাজরানী হব?
জ্যোতিষী হেসে বলেছিলেন, বড় ভাগ্যবতী বউ হবি রে তুই
আমি হাত সরিয়ে নিয়ে বলেছি, না আমি তা চাই না।
তারপর একদিন এক হতভাগা আমাকে ভালোবেসে বলেছিল, তুমি অনেক সুখী হবে
আমি বলেছি, না, আমি সুখ চাই না
তবে কী চাও?
হেসে হেসে বলেছি, কবি হব।
কবিতা লিখবো সবার জন্য
সবাই পড়বে আর আমাকে মনে রাখবে।
সে চিৎকার করে বলেছিল, না তুমি কবি হবে না
কবি হলে তুমি সবার হয়ে যাবে
আমার একার রইবে না।
আজ তাই হয়েছে
আমি তার হইনি
সকলের হয়ে আছি।
আজ কেউ আর বলে না, তুমি কী হবে?
তাহলে বলতাম, আমি আর এক জনম পেলে খুনী হব
শুধু একটি খুন করতে....

0 Comments