বলেছিলাম সেদিন, চল পায়ে পা মিলিয়ে
একসঙ্গে চলি হাতে হাত রেখে
প্রজন্মান্তরে ভাবনার সঙ্গে ভাবনা মিলিয়ে,
অমাবস্যার অন্ধকারে জ্যোৎস্না হয়ে উঠব
শীতের রাতে আগুন হয়ে জ্বলব
মরুভুমিতে বর্ষা হয়ে নামব,
আমাদের যাত্রা
প্রেমের সরোবরে ফুল হয়ে ফুটবে
চেতনার জগতে নতুন সূর্য উঠবে,
সেই চারাগাছ ঘরের ছাদ ফুটো করে
মুক্ত বাতাসে দোল খাবে।
প্রিয়তমা আমার, আমার উত্তরাধিকারী,
চলে গেলে ক্ষমতার খেয়ায় ভেসে
সেদিন এলে না তুমি, দিলে আমায় ইতি,
আজ ভয়ংকর দহন তোমার ভস্মরাশে
অতীতের পারাবারে আমি আজ স্মৃতি,
বিস্মৃতির উজান বেয়ে
স্মৃতির আকাশে ঘুরে ফিরি,
অপেক্ষায় থাকি যদি পরস্পরে মিলি
নতুন কোন প্রভাতে পরিবর্তনের খেয়া ঘাটে
লড়াইয়ের ময়দানে জনতার দরবারে।
0 Comments