ছিলাম আমি ভীষণ সুখী
যখন ছিলাম পেটে
অন্ধকারের একটি কোনে
রয়ে ছিলাম সেঁটে ।
আমার খাওয়া যেত হয়ে
খাবার তুমি খেলেই
ভারী সুখে নিদ্রা যেতাম
তুমি ঘুমিয়ে গেলেই।
শ্বাস টুকুও কষ্ট করে
নিতাম না তো মোটে
তোমার নাকের মধ্যে দিয়ে
বাতাস আমার জোটে।
তোমার সাথে আমার নাড়ি
বাঁধা ছিল ভালো
বিচ্ছেদ ঘটিয়ে দিলে
দেখাবে বলে আলো।
হাত পা ছুড়ে কেঁদেছিলাম
কেন এই বিচ্ছিন্ন ?
তুমি আমি হয়ে গেলাম
এবার ভিন্ন ভিন্ন ।
আমায় ছেড়ে গেলে চলে
হয়ে গেলাম একা
আলোর লোভ দেখিয়ে তুমি
বানিয়ে দিলে বোকা ।
তুমি আমি ভালো ছিলাম
একটি সুতোয় গাঁথা
কোন দিনই পেতাম না
মা হারানোর ব্যথা ।

0 Comments