মর্যাদার হালহকিকত // ডি কে পাল


D-K-Pal



চেয়ারখানা অনেক বড়
বাহন দামি গাড়ী;
শরীর থেকে খুশবু ছোটে
খরচা কাড়ি কাড়ি।

আয়ের কথা বলব কি আর
হিসাব রাখাই শক্ত;
দুষ্টু কপট পাড়ার যত
উঠতি যুবক ভক্ত।

হালফ্যাশনের বসত বাড়ী
নাম পদবী নীল যে;
দাস-দাসীদের জীবন গেলেও
হয় না খুশি দিল যে।

ভিতর বাহির নোংরা ভীষণ
অসৎ কাজে চিত্ত;
হাজার লোকে ছালাম ঠোকে
দেখে বিপুল বিত্ত।

জামা -জুতা পরতে লাগে
রঙ বেরঙের দাসী;
অফিস-ডেরায় শরীর টেপে
খানসামা-চাপরাশি।

জীবন খানা হয় আটখানা
আত্মসুখে চৌপর;
পাপের আলোয় ঝলমলে হয়
স্বপ্ন সুখের মৌ ঘর।

এই সমাজে এমন মানুষ
অনেক নামি দামি;
সত্যন্যায়ের ধারক যারা
কাঁদেন দিবাযামী।

বিচার বুদ্ধি বিকৃত আজ
ন্যায়পরায়ণ --তুচ্ছ!
কেউ বলে না চরিত্রবান
শির'টা তোমার উচ্চ।

Post a Comment

0 Comments