যুদ্ধ করতেই হয়
একবার নয় বার বার,
একবার হারলে আরেকবার
আর জিতলেও
শেষ যুদ্ধ আবার।
স্বাধীনতা অর্জনের যুদ্ধ
স্বাধীনতা রক্ষার যুদ্ধ
বাইরের শত্রুর বিরুদ্ধে যুদ্ধ
ঘরের শত্রুর বিরুদ্ধে যুদ্ধ,
সে যে লড়াই অবিশ্রাম,
যোদ্ধার নেই বিশ্রাম
যুদ্ধ একবার নয় বার বার
যুদ্ধের নেই বিরাম।
বাইরের শত্রুর বিরুদ্ধে যুদ্ধ,
জানে যে যোদ্ধা,
সে যুদ্ধ সহজ যুদ্ধ,
সে সহজ যুদ্ধে জিতে
কোরো না জয়ের বড়াই,
ঘরের শত্রুর বিরুদ্ধে
সে যে কঠিন লড়াই
নেই তার বিরাম,
নিজের বিরুদ্ধে নিজের যুদ্ধ
সে যে যুদ্ধ অবিশ্রাম।
যুদ্ধে রক্ত ঝরে
সে রক্ত শরীরে
সে রক্তক্ষয় অন্তরে।
বাইরের জগতে যুদ্ধ
সে যে অনুক্ষণ
অন্তরে আমার যুদ্ধ
সে যুদ্ধ প্রতিক্ষণ,
যদি না পারি জিততে
অন্তরের যুদ্ধ আমার
তবে যে পরাজয় বিলক্ষণ।
ঘরের যুদ্ধে না জিতে
সমাপ্ত নয় বাইরের যুদ্ধ
যুদ্ধ আমার চিত্তে
যুদ্ধ আমার মননে
যুদ্ধ ঘনায় ঘোর তমসায়
যুদ্ধ আমার চেতনায়।

0 Comments