ফটুকবাবুর নাকডাকা // শর্মিষ্ঠা গুহ রায়(মজুমদার)

দিনদুপুরে নাক ডাকিয়ে
ঐযে ঘুমান ফটুক বাবু,
পেট ফুলিয়ে ঘুমটি জুড়েন,
মোরা সেই আওয়াজেই কাবু।

.
দাদরা নাহয় কাহারবা তাল
নানান লয়ে বাজান নাক,
কখনও বা মিষ্টি বাঁশি,
কখনও বা পূজোর ঢাক।

.
হরেনপালের মেয়ের বিয়ে,
বসল সানাই সাঁঝে,
সানাই ছেড়ে পালায় বাদক,
তাঁর নাকের ডাকের ঝাঁঝে।

.
রাগের চোটে হরেনবাবু
লাঠি হাতে ছোটেন,
ফটুকবাবু তো কুম্ভকর্ণ!
যতই লাঠি ঠোকেন।

..
বিপদ বুঝে হরেনবাবু
আনেন গরম মটনকষা,
নাকের সামনে ধরতেই যে
তাঁর ভাঙল ঘুম ঐ খাসা।

.
সারারাত্রি ঘুম রুখতে
দিলেন নানান খাবার ঘুষ,
শান্তিমত বিয়েটি হল,
তাতে দুজনেতেই খুশ্।

Post a Comment

0 Comments