সেদিন ভোরে ঘুম ভাঙল
বেজায় এক চিৎকারে,
পাশের বাড়ির গোয়ালঘরে
কে জানি কে ফোঁস করে?
কেউ বলল অজগর,
কেউ বলল পাইথন,
কেউ বলল আ্যনাকোন্ডা!
ঢুকছে ঘরে ছেড়ে বন।
ঘুমের ঘোরে আলো আধাঁরে
বলছে কীসব এরা?
শেষঅবধি আজকে আমি,
দেখব আগাগোড়া।
সাহস তো নেই এতটুকু,
দিচ্ছে উঁকি সবাই,
লাঠি হাতে ফোকলাদাদু
একাই গিয়ে দাড়াঁয়।
জোরগলাতে হাঁক পাড়ে সে
ঠকঠকিয়ে লাঠি,
গোয়ালঘরে ঢুঁ মেরে সে,
ফিরল নিয়ে কাঠি।
চোখটা ডলে ভালোভাবে
তাকিয়ে দেখি হায়!
কোথায় বিরাট আ্যনাকোন্ডা?
হাতে জলঢোঁড়া লাফায়।
ফোকলাদাদু ফিক্ ফিকিয়ে
হেসে আমায় শুধায়,
এই কী তোদের আ্যনাকোন্ডা?
যাকে হাতেও ধরা যায়?
0 Comments